জামালপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেলটিয়া পশ্চিম জঙ্গলপাড়া মিয়াবাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ডাকাতরা স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে নগদ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি প্রাইভেটকারযোগে এসে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বেলটিয়া বাজারের পল্লী চিকিৎসক বাদল ডাক্তারের সহোদর বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদের বাসায় হামলা চালায়।
ডাকাতরা ঘরে ঢুকেই আব্দুল্লাহ আল মাসুদকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। এ সময় ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি বাধা দিতে গেলে তার হাতে কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
একপর্যায়ে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে এবং ঘর তছনছ করে নগদ অর্থ ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর জেলা প্রতিনিধি: 









