বরিশালে গত দুই বছরে বিবাহবিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীতে প্রতিদিন গড়ে ৯টি করে বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়ছে। ২০২৩ ও ২০২৪ সালের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বিচ্ছেদের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে এবং আবেদনকারীদের মধ্যে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।
সরকারি তথ্যে জানা যায়, গত দুই বছরে বরিশালে মোট ১৮ হাজার ৬৪৪টি বিবাহ নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে ৬ হাজার ৩৫২টি বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে। ২০২৩ সালে ৯ হাজার ৬৬৬টি বিবাহের বিপরীতে ৩ হাজার ৫টি এবং ২০২৪ সালে ৮ হাজার ৯৭৮টি বিবাহের বিপরীতে ৩ হাজার ৩৪৭টি বিবাহবিচ্ছেদ ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, পারিবারিক কলহ, মনোমালিন্য ও পারস্পরিক অবিশ্বাস বিবাহবিচ্ছেদের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে বিয়ে করে সংসার টিকিয়ে রাখতে না পারা, যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন, পরকীয়া সম্পর্ক, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি এবং অনলাইন জুয়া আসক্তির কারণে অনেক নারী বাধ্য হয়ে বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন।
সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও সচেতনতার অভাব এই সংকটকে আরও গভীর করছে। তারা পারিবারিক পরামর্শ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সাঈদ হাসান সোহাগ 










