রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও প্রাচীন মন্দিরসমূহ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ। সফরের অংশ হিসেবে তিনি ও তাঁর প্রতিনিধি দল রাজশাহীর বিখ্যাত বানেশ্বর আমবাজারে গিয়ে বিভিন্ন জাতের প্রায় ১৯৫ কেজি আম ক্রয় করেন।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রদূত প্রতিনিধি দলসহ পুঠিয়া রাজবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ।
পরিদর্শনের সময় প্রতিনিধি দল পুঠিয়া রাজবাড়ি, গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির ও বড় শিব মন্দির ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের এসব ঐতিহাসিক স্থাপনার ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রতিনিধি দল দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে রাজশাহীর সমৃদ্ধ ঐতিহ্যের প্রশংসা করেন।
পরে দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁরা দেশের অন্যতম বৃহৎ আমের পাইকারি বাজার বানেশ্বর আমবাজারে যান। সেখানে বাজারের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
বাজার পরিদর্শনের একপর্যায়ে একটি ফলের দোকান থেকে আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি-৪ জাতের মোট প্রায় ১৯৫ কেজি আম কেনেন প্রতিনিধি দলের সদস্যরা। বিদেশি কূটনীতিকদের এই আগ্রহে স্থানীয় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, এ ধরনের সফর রাজশাহীর সুস্বাদু আমকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তুলতে সহায়ক হবে।
রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর আত্মীয়া সারাহ মাউরুফ আমির, দূতাবাসের দ্বিতীয় সচিব সায়া মোহামেদ ও মাইশান আহমেদ, পরিবারের সদস্য নাজরা মারিয়াম, মোহামেদ হুসাম ও মুসলিমা আমিনাথ। এছাড়া প্রতিনিধি দলে রাষ্ট্রদূতের সন্তান মোহামেদ লুথ নিশাম এবং দ্বিতীয় সচিবের সন্তান মোহামেদ ইভানও উপস্থিত ছিলেন।
দুপুর ২টা ৫ মিনিটে প্রতিনিধি দল বানেশ্বর বাজার ত্যাগ করে রাজশাহী মহানগরের উদ্দেশে রওনা দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মো: মেহেদি হাসান 









