চালনা পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে খুলনার দাকোপ উপজেলার এই পৌর এলাকার বিভিন্ন সড়ক ও জনবসতিতে চরম ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার বিভিন্ন এলাকার ড্রেন ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিক কাপ-প্লেট ও পলিতে ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও ড্রেনের ওপর জঙ্গল ও কচুরিপানা জন্মে পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি ব্যাহত হয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ড্রেনের নোংরা পানি উপচে রাস্তায় চলে আসে। এতে সড়কে পানি জমে যানবাহন চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জমে থাকা দূষিত পানি মশার প্রজননস্থলে পরিণত হওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন তারা।
পৌরবাসীর দাবি, দ্রুত ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কারের পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং নাগরিক দুর্ভোগও অনেকাংশে লাঘব হবে।
মোঃরহমত আলী, দাকোপ প্রতিনিধিঃ 









