বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল প্রায় ১০টার দিকে তিনি কর্মসূচিস্থলে পৌঁছান। স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত খালটির তীরে প্রধানমন্ত্রী চারা রোপণ করলে উপস্থিত এলাকাবাসী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ করাই শেষ লক্ষ্য নয়; লাগানো প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, একটি শিশুর মতোই প্রতিটি চারার যত্ন নিতে হবে, তাহলেই পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্য সফল হবে।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন এবং তিনিও একটি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বাটাজোরে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হন।
সাঈদ হাসান সোহাগ 









