ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য ১ কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পৃথক দুটি বরাদ্দ:
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, শহীদ হাদির পরিবারের জন্য দুটি পৃথক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকায় একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে পুরো অর্থ ব্যয় নাও হতে পারে। পাশাপাশি পরিবারের দীর্ঘমেয়াদি জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, বাসস্থানের জন্য বরাদ্দকৃত ১ কোটি টাকা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।
নির্বাচনী প্রেক্ষাপট ও হত্যাকাণ্ড
শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন।
নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।
চিকিৎসা ও মৃত্যু:
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ডেস্ক রিপোর্ট : 










