রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আমের প্রচলিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে এ কর্মসূচি পালন করেন আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। শান্তিপূর্ণ এ মানববন্ধনে প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এ প্রথা বাতিল করে স্বচ্ছ ও ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত কর্মসূচি দুপুর ১২টার দিকে শেষ হয়।
মো: মেহেদি হাসান 









