ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাসহ দেশের সব অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার সন্ধ্যার পর হঠাৎ এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে কুয়াশার ঘনত্ব অতিরিক্ত বেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ থাকবে।
লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় অনেক যাত্রী নির্ধারিত সময়ে ঢাকাসহ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিকল্প হিসেবে সড়কপথে যাতায়াতের চেষ্টা করলেও বাসের টিকিট সংকটের কারণে তারা দ্বিগুণ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বরিশাল নদীবন্দর থেকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ সহ ভায়া রুটের মোট পাঁচটি লঞ্চ ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে।
লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, গত দুই দিনে ঘন কুয়াশার কারণে বড় ধরনের কয়েকটি নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সোলাইমান বলেন, সন্ধ্যার পর নদীতে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল স্থগিত থাকবে এবং নদীপথে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
সাঈদ হাসান সোহাগ 










