সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট এলাকা থেকে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখে এ অপহরণের ঘটনা ঘটে।
সুন্দরবন ইকো রিসোর্টের ডিএমডি মো. রেজোয়ান উল হক মিঠু জানান, ঢাকা থেকে আসা ছয়জন পর্যটককে নিয়ে গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড় একটি নৌকায় করে বিকেলে সুন্দরবনের খালে ভ্রমণে যান। সন্ধ্যার কিছু আগে রিসোর্টে ফেরার পথে বনদস্যুরা নৌকাটি আটক করে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়।
অপহৃতরা হলেন ঢাকার পর্যটক মো.সোহেল, মো. জনি এবং গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত অপহৃত তিনজন বনদস্যুদের কব্জায় রয়েছে বলে জানা গেছে। রেজোয়ান উল হক মিঠু আরও জানান, জিম্মিদের মুক্তির জন্য দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে আসেন। দুপুরে তারা ঢাংমারী এলাকার গোলকানন রিসোর্টে ওঠেন। পরে বিকেলে রিসোর্ট মালিকসহ সাতজন পর্যটক বোটে করে কেনুয়ার খালের ভেতরে ঘুরতে যান।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন, তবে কোনো দস্যু বাহিনী জড়িত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।
মোঃ রহমত আলী, দাকোপ প্রতিনিধি: 










