আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে।
সংক্ষুব্ধ কোনো প্রার্থী, অথবা কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই আপিল দায়ের করতে পারবেন।
অঞ্চলভিত্তিক বৈধ ও বাতিল মনোনয়নপত্র
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী:—
রংপুর অঞ্চল (৩৩ আসন): বৈধ ২১৯, বাতিল ৫৯
রাজশাহী অঞ্চল (৩৯ আসন): বৈধ ১৮৫, বাতিল ৭৪
খুলনা অঞ্চল (৩৬ আসন): বৈধ ১৯৬, বাতিল ৭৯
বরিশাল অঞ্চল (২১ আসন): বৈধ ১৩১, বাতিল ৩১
ময়মনসিংহ অঞ্চল (৩৮ আসন): বৈধ ১৯৯, বাতিল ১১২
ঢাকা অঞ্চল (৪১ আসন): বৈধ ৩০৯, বাতিল ১৩৩
ফরিদপুর অঞ্চল (১৫ আসন): বৈধ ৯৬, বাতিল ৪৬
সিলেট অঞ্চল (১৯ আসন): বৈধ ১১০, বাতিল ৩৬
কুমিল্লা অঞ্চল (৩৫ আসন): বৈধ ২৫৯, বাতিল ৯৭
চট্টগ্রাম অঞ্চল (২৩ আসন): বৈধ ১৩৮, বাতিল ৫৬
আগারগাঁওয়ে ১০টি বুথে আপিল গ্রহণ:
আপিল দায়েরের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল গ্রহণ করা হবে।
বুথগুলোতে সংশ্লিষ্ট অঞ্চলের জেলা অনুযায়ী মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে।
আপিল নিষ্পত্তি ও ভোটের তারিখ:
নির্বাচন কমিশন জানিয়েছে, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাঈদ হাসান সোহাগ 










