ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, শিক্ষাকে উপেক্ষা করে কোনো জাতির টেকসই ও কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পতিত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে বিএনপি নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালিয়ে যাবে। তিনি মনে করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নৈতিক শিক্ষার অভাবেই সমাজে কিশোর গ্যাংসহ নানা সামাজিক অবক্ষয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রকৃত অর্থে মানবিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তুলতে নৈতিক শিক্ষা অপরিহার্য।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ভুল শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থার দলীয়করণের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার পুরো শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়ে গেছে।
সাঈদ হাসান সোহাগ 










