অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, ভোটের মাধ্যমে দেশপ্রেমিক, ত্যাগী ও জনদরদি নেতৃত্ব নির্বাচিত হোক—এটাই সরকারের প্রত্যাশা।
আজ দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগকে স্বাধীন করা, দ্রুত বিচার নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেকোনো সরকারকেই সংস্কারের পথে হাঁটতে হয়। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কিছু সংস্কার বাস্তবায়ন করেছে। এসব সংস্কার কার্যকর রাখার লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ভোটের সুষ্ঠুতা নিয়ে শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো রাজনৈতিক চাপ নেই। অর্থের প্রভাব খাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর ভোট প্রভাবিত করার সুযোগও নেই। তাই ভোট না হওয়ার কোনো কারণ নেই।
অর্থ উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের প্রচেষ্টায় দেশের অর্থনীতি সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে এসেছে। তিনি বলেন, একসময় অর্থনীতি আইসিইউ পর্যায়ে ছিল, এখন তা কেবিন পর্যায়ে উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থ পাচারের ফলে অর্থনীতি খাদের কিনারায় চলে গিয়েছিল, সেখান থেকে দেশকে পুনরুদ্ধারের চেষ্টা সফলভাবে চালানো হচ্ছে।
ভোটের গাড়ির প্রচারণা উদ্বোধনের পর উপদেষ্টা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মাঠে স্থাপিত গণভোটের স্টল পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সালেহউদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।
ডেস্ক রিপোর্ট : 










