জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাহিন্দ্রা (স্থানীয়ভাবে ‘কাঁকড়া গাড়ি’ নামে পরিচিত) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আজ সকালে মাদারগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জামালপুর থেকে আসা একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
মো: আরিয়ান ফারুক 










