বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়। জানানো হয়, সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
নির্ধারিত সূচি অনুযায়ী, উড়োজাহাজটি আজ দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার 










