সমাজসেবা, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এ বছর আটটি ভিন্ন ক্যাটাগরিতে তিনজন ব্যক্তি ও পাঁচটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়েছে।
রোববার (আজ) সকাল ১১টায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ডিএনসিসির নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পদক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাগরিক পদক-২০২৫ প্রাপ্তদের তালিকা:
🔹 উদ্ভাবক ও স্টার্টআপ ক্যাটাগরি
আব্দুর রশিদ সোহাগ
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, পিউপিল স্কুল বাস লিমিটেড
প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য দেশের প্রথম সমন্বিত নিরাপদ পরিবহন ব্যবস্থা চালু করেন তিনি। জিপিএস ট্র্যাকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে বর্তমানে ৪৫টির বেশি প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার শিক্ষার্থী এই সেবা পাচ্ছে, যা যানজট ও কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখছে।
🔹 ব্যক্তিগত উদ্যোগ ক্যাটাগরি:
শ্রুতি রানী দে
বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সরাসরি উদ্যোগে ১২টি বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রেখে সমাজ সংস্কার ও পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
🔹 এডভোকেসি ক্যাটাগরি
হাওয়া বেগম
ঘূর্ণিঝড় সিডরে সর্বস্ব হারিয়ে কড়াইল বস্তিতে বসবাস শুরু করা এই নারী বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার কণ্ঠস্বর। নগর কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, ওয়াশ কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে তাঁর অবদান অনন্য।
পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ
🔹 স্যোশাল মিডিয়া কনটেন্ট নির্মাণ
আপলিফট বাংলাদেশ
গত পাঁচ বছর ধরে বাংলাদেশের ইতিবাচক উন্নয়নচিত্র ও নগর অবকাঠামোগত অগ্রগতি তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে।
🔹 পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান
ভাষানটেক স্কুল এন্ড কলেজ
১৯৮০ সাল থেকে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
🔹 সামাজিক সংগঠন
উত্তরা পাবলিক লাইব্রেরি
পাঠাভ্যাস গড়ে তোলা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ভাষা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলেছে।
🔹 প্রাণী সুরক্ষা ও অধিকার
প ফাউন্ডেশন
বিপন্ন প্রাণীদের উদ্ধার, চিকিৎসা ও প্রাণী অধিকার রক্ষায় দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়।
🔹 সর্বোচ্চ করদাতা ক্যাটাগরি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
গত অর্থবছরে ৩ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকা কর পরিশোধ করে রাষ্ট্রীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সংস্থাকে নাগরিক পদকে ভূষিত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট : 










